মহান বিজয় দিবস: পাবিপ্রবিতে শ্রদ্ধা ও অঙ্গীকারের দিন
দৈনিক বিজয় নিউজ পাবিপ্রবি প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছে। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনা প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়েছে। র্যালিতে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদুল হকসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
র্যালি শেষে স্বাধীনতা চত্বরে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। এ সময় ইইই, সিএসই, আইসিই, ইইসিই, সিভিল, স্থাপত্য, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, ইংরেজি, লোকপ্রশাসন, সমাজকর্ম, বাংলা, ভূগোল ও পরিবেশ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ও ইতিহাস বিভাগসহ বিভিন্ন বিভাগ শ্রদ্ধা নিবেদন করেছে। পাশাপাশি স্বাধীনতা হল, জুলাই ৬ হল, গণতন্ত্র হল, মাতৃভাষা হল, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর, পরিবহন পুল, পাবিপ্রবি প্রেসক্লাব, রোভার স্কাউট, পাবিপ্রবি ডিবেটিং সোসাইটি, সলভার গ্রিন, পাবিপ্রবি ক্যারিয়ার অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ক্লাব এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকেও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, “আজ মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে আমরা মহান স্বাধীনতা অর্জন করেছি এবং পেয়েছি একটি সার্বভৌম রাষ্ট্র। এই দেশ গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। আজকের শ্রদ্ধা নিবেদন যেন কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে দেশপ্রেম ও দায়িত্ববোধে রূপ নেয়। মহান মুক্তিযুদ্ধে শহীদ ৩০ লক্ষ বীর সন্তান ও সম্ভ্রম হারানো মা-বোনসহ সকল ত্যাগীর প্রতি গভীর শ্রদ্ধা জানাই।” উল্লেখ্য,সবশেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে। দোয়া পরিচালনা করেন পাবিপ্রবি কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. জালাল উদ্দিন রুমি।
দৈনিক বিজয় নিউজ/ ভাস্কর চন্দ্র রায়