পাবনার দুবলিয়া ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য পিঠা উৎসব অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
পাবনা সদর উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেটের এমডি ও প্রস্তাবিত বেসরকারি বিশ্ববিদ্যালয় মাস্ট ইউনিভার্সিটির চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস ও পাবনার বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুস সাত্তার বিশ্বাসের মাতার নামে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দুবলিয়া ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পিঠা উৎসব। শীতের ঐতিহ্য ও বাঙালি সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার লক্ষ্যে বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিদ্যালয় প্রাঙ্গণে ২০ জানুয়ারি মঙ্গলবার এ উৎসবের আয়োজন করা হয়। সোমবার সকাল থেকেই বিদ্যালয় চত্বরে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় অতিথিদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো এলাকা। উৎসব উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে বাহারি স্টল বসানো হয়, যেখানে ভাপা পিঠা, পাটিসাপটা, চিতই পিঠা, নকশি পিঠা, তেলের পিঠা, পুলি পিঠাসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা তৈরী ও প্রদর্শন করা হয়। শিক্ষার্থীরা নিজেরাই দলগতভাবে পিঠা তৈরি ও স্টল সাজানোর দায়িত্ব পালন করে, যা উৎসবে বাড়তি আনন্দ যোগ করে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মির্জা বখতিয়ার উদ্দিন। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী অভিভাবক প্রমূখ উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক বলেন, “পিঠা উৎসব শুধু খাবারের আয়োজন নয়, এটি আমাদের গ্রামবাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বাড়ানোর পাশাপাশি বাঙালি সংস্কৃতির প্রতি ভালোবাসা সৃষ্টি করে।” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থেকে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা ও ঐতিহ্যবাহী পিঠা উৎসব বিষয়ে বক্তব্য দেন পাবনার বিশিষ্ট সমাজ সেবক, শিল্প পতি বিদ্যালয়ের দাতা ও সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুবলিয়া হাজী জসিম উদ্দিন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ নাজমূল হোসেন বিশ্বাস। অপর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা চেম্বার অব কমার্স এর সভাপতি মোঃ ফোরকান রেজা বাদশা বিশ্বাস ও সাবেক শিক্ষক মোঃ নূরুল আলম খান প্রমূখ।
অতিথিরা শিক্ষার্থীদের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন আরও বিস্তৃত করার আহ্বান জানান। উৎসবের একপর্যায়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, লোকসংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দঘন পরিবেশ ও উৎসবের আমেজ। পিঠা উৎসবে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী জানায়, “নিজেদের হাতে পিঠা বানিয়ে সবার সামনে উপস্থাপন করতে পেরে আমরা খুবই আনন্দিত। এর মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতি সম্পর্কে আরও জানতে পারছি।” দিনব্যাপী এ আয়োজন শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সাংস্কৃতিক চর্চার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আঃ সাত্তার খান, ইউপি সদস্য মোঃ রতন, মোঃ রেন্টু, মোঃ আঃ সামাদ, আঃ মতিন প্রাং ও একেম প্রাং সহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ,আমন্ত্রিত অতিথি, নানা শ্রেণির মানুষ ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন পাবনার বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার বিশ্বাস। অনুষ্ঠানে ফোরকান রেজা বাদশা বিশ্বাস বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের জন্য ১০ টি ফ্যানের ঘোষণা দেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান