ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধায় শ্রীপুর প্রেসক্লাবের পুষ্পার্পণ
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে, ২১ ফেব্রুয়ারির প্রভাতেই ভাষা শহীদদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা জানাতে শ্রীপুর প্রেসক্লাব-এর একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্পণ করে। প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেকের নেতৃত্বে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় গভীর আবেগ ও গাম্ভীর্যের মধ্য দিয়ে। পুষ্পস্তবক অর্পণের পর ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। নীরবতার প্রতিটি মুহূর্ত যেন স্মরণ করিয়ে দেয়—তাঁদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা স্বাধীনভাবে কথা বলি আমাদের প্রিয় মাতৃভাষা বাংলায়। এ সময় উপস্থিত ছিলেন সোহাগ প্রধান, মোঃ কবির আকন্দ, আশরাফুল আলম সরকার, মোঃ উজ্জ্বল মিয়া, ফরহাদ মিয়া, শাহাদাত হোসেন আবির, হাজী আসাদুজ্জামান, উসমান গনি, মোঃ কামাল উদ্দিন, মিনারা কামাল, আল আমিন কবি ও মোঃ পরানসহ শ্রীপুর প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ। বক্তারা বলেন, ভাষা আন্দোলনের শহীদদের রক্তে রাঙানো পথ ধরেই প্রতিষ্ঠিত হয়েছে আমাদের মাতৃভাষার মর্যাদা। তাঁদের আত্মত্যাগ বাঙালি জাতির অহংকার, প্রেরণা ও চেতনার অবিনাশী শিখা হয়ে প্রজন্ম থেকে প্রজন্মে আলোকিত করবে আমাদের পথচলা। শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতায় সিক্ত এ আয়োজন ছিল ভাষা শহীদদের প্রতি শ্রীপুর প্রেসক্লাবের অটল সম্মান, দায়বদ্ধতা এবং চেতনার এক উজ্জ্বল বহিঃপ্রকাশ।
দৈনিক বিজয় নিউজ/ মো: আল আমিন