টেকনাফে তরমুজ ক্ষেতে কুপিয়ে যুবক আহত

টেকনাফে তরমুজ ক্ষেতে কুপিয়ে যুবক আহত
ছবি: শামসুল আলম শারেক

দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

টেকনাফের নাজিরপাড়া এলাকায় তরমুজ ক্ষেতে কাজ করার সময় নুরুল ইসলাম খোকন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করেছে একদল সন্ত্রাসীরা। ঘটনা ঘটেছে রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টা ২০ মিনিটে। আহত নুরুল ইসলাম খোকন নাজিরপাড়া ৮ নম্বর ওয়ার্ড এলাকার মৃত এজাহার মিয়ার ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিলে, গুরুতর অবস্থার কারণে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। খোকন জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে তিনি তরমুজ ক্ষেত দেখতে গেলে অস্ত্রধারী একদল ব্যক্তি তার ওপর হামলা চালায়। হামলাকারীদের মধ্যে ছিলেন তৌকির আহমেদ, সাইফুল, জাফর আলম, সমশু, নুরুল আলম, প্রকাশ ডি মারিয়া ও নুরু। তারা দেশীয় তৈরি অস্ত্র, দা ও কিরিচ দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় গুলিও চালানো হয়, তবে গুলি শরীরে লেগেছে না।

তিনি আরও বলেন, ২০২২ সালের ১৪ মে তার ভাই ভুট্টোকে কুপিয়ে হত্যা করা হয়েছিল। ওই হত্যা মামলার তিনি বাদী। খোকন অভিযোগ করেন, তৌকির আহমেদ ওই মামলার এজাহারনামীয় আসামি হওয়ায় তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হতে পারে। তিনি সরকারের কাছে সঠিক বিচার চেয়েছেন। অভিযুক্ত তৌকির আহমেদ অভিযোগ অস্বীকার করে বলেছেন, ঘটনার সময় আমি বাড়িতে ঘুমিয়ে ছিলাম। পরে ফেসবুকের মাধ্যমে জানতে পারি আমার নাম জড়ানো হয়েছে। আমি এর সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নই। স্থানীয় রাজনৈতিক কারণে আমাকে ফাঁসানো হচ্ছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদ জানান, বাম পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত খোকনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, নাজিরপাড়া এলাকায় এক যুবককে দা দিয়ে আহত করার খবর পেয়েছি। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক