ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে ৪,৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-০২

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে  ৪,৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-০২
ছবিঃ মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে বালিয়াডাঙ্গী থানা পুলিশ কর্তৃক পরিচালিত মাদকবিরোধী অভিযানে ৪,৫০০ (চার হাজার পাঁচ শত) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরাতন বাজাজ প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ঠাকুরগাঁও জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ০৬:২০ ঘটিকায় বালিয়াডাঙ্গী থানাধীন ৪নং বড় পলাশবাড়ী ইউনিয়নের বেলতলা মাদ্রাসা বাজার সংলগ্ন তীরনই নদীর ব্রিজের পশ্চিম পার্শ্বে চেকপোস্ট স্থাপন করে অবস্থান করছিল। এ সময় নেকমরদ থেকে বালিয়াডাঙ্গী অভিমুখে আসা একটি ১০০ সিসি মোটরসাইকেলে তিনজন ব্যক্তিকে আসতে দেখে পুলিশ সদস্যরা থামার সংকেত দেন। পোশাক পরিহিত পুলিশকে দেখে মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা মোটরসাইকেলটি ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা ধাওয়া করে আসামী ১। মোঃ আলিমদ্দীন (৪৫), পিতা-মৃত ঝরুয়া মোহাম্মদ, ২। মোঃ দর্শন আলী (৪০), পিতা-মোঃ সুবাহান আলী, উভয় সাং-বড় পলাশবাড়ী (সরকার বস্তি), থানা-বালিয়াডাঙ্গী, জেলা-ঠাকুরগাঁও দ্বয়কে আটক করেন। অপর ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়।

পরবর্তীতে বিধি মোতাবেক আটককৃত আসামীদের হেফাজত হতে তল্লাশি করে সর্বমোট ৪,৫০০ (চার হাজার পাঁচ শত) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রাপ্ত তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত ও পলাতক আসামীরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বালিয়াডাঙ্গী থানা এলাকাসহ আশপাশের এলাকায় বিক্রয় করে আসছিল বলে জানা যায়।এ ঘটনায় পলাতক আসামীকে শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উক্ত ঘটনায় পলাতক ও গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানার মামলা নং-২০/১৭৮, তারিখ-১৯/০৮/২০২৬ খ্রি: রুজু করা হয়। ঠাকুরগাঁও জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত রেখেছে। মাদকদ্রব্যের অবৈধ ব্যবসা, পরিবহন ও বিস্তারের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অবৈধ মাদক ব্যবসায়ী বা মাদক স্পট সংক্রান্তে কোন তথ্য থাকলে তা নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ করা হল।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম