স্থানীয় নির্বাচন যথাসময়ে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে আয়োজন করা হবে। একই সঙ্গে ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছিলাম, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল ও অকার্যকর করে ফেলেছিল। নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সেসব প্রতিষ্ঠানকে পুনর্গঠন করা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সুশাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা।” স্থানীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে নির্ধারিত সময়েই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে। এ সময় ঠাকুরগাঁওবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “আমি সবচেয়ে বেশি ঋণী ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে। তারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সহযোগিতা করেছেন। তাদের এই আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি দায়িত্বশীলভাবে কাজ করতে চাই।” অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম