বুড়িচংয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

বুড়িচংয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
ছবিঃ মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং উপজেলা এলাকায় পৃথক দুটি অভিযানে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ। সোমবার (২ মার্চ) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান। তিনি জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বুড়িচং থানা পুলিশের একটি দল বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কের রাজাপুর ইউনিয়নের বারেশ্বর চৌমুহনী এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালায়। এ সময় জাহাঙ্গীর স্টোর নামক দোকানের সামনে সন্দেহভাজন এক ব্যক্তির দেহ তল্লাশি করে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. নাঈম (২৯) বুড়িচং সদর ইউনিয়নের পূর্ণমতি গ্রামের জামাল হোসেন ভূঁইয়ার ছেলে।

একই সড়কে পৃথক আরেকটি অভিযানে হাজী স্যানেটারি অ্যান্ড ইলেকট্রনিক্স দোকানের সামনে সন্দেহভাজন আরেক ব্যক্তির দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকেও গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মো. দীপু (২৪) বারেশ্বর গ্রামের মোহাম্মদ তাজুল ইসলামের ছেলে। ওসি লুৎফুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না। এলাকায় মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।” আটক দুই কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে কুমিল্লা আদালত মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ