নেশার টাকা জোগাতে ভিন্ন পন্থা অবলম্বন নেশাগ্রস্ত মা-বাবার!

নেশার টাকা জোগাতে ভিন্ন পন্থা অবলম্বন নেশাগ্রস্ত মা-বাবার!
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের হিলিতে নেশার টাকা জোগাতে ২২ দিন বয়সী সন্তানের হাত কেটে ও পা পুড়িয়ে তাকে প্রতিবন্ধী করার অভিযোগ উঠেছে নেশাগ্রস্ত মা-বাবার বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে কয়েলের আগুনে পুড়ে গেছে দাবি করেছেন বাবা সাগর ও মা খাদিজা। সোমবার (৩০ মার্চ) আহত শিশুকে উদ্ধার করে তার যাবতীয় চিকিৎসার দায়িত্ব নিয়েছেন স্থানীয় প্রশাসন। স্থানীয়রা জানান, সন্তানের ভালোর জন্য যেখানে নিজেদের জীবন দিতেও কার্পণ্য করেন না বাবা-মা, সেখানে এ হৃদয়বিদারক ঘটনা মেনে নেওয়া যায় না। নেশার টাকা জোগাতে শুক্রবার (২৭ মার্চ) নিজেদের ২২ দিন বয়সী সন্তানের হাত কেটে ও পা পুড়িয়ে প্রতিবন্ধী করতে চেয়েছিল তারা। মাদকসেবী ওই দম্পতি কিছুদিন পূর্বেই ফুটফুটে পুত্র সন্তানটি লাভ করে। নিজ বাড়িতে সন্তানের হাত কেটে আঙুল বাড়ির বাইরে পুঁতে ফেলে বাবা। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাদের আটক করে পুলিশে খবর দেয়।

শিশুটির মা খাদিজা ও বাবা সাগর অভিযোগ অস্বীকার করে জানান, ঘরের মধ্যে কয়েলের আগুনে তাদের শিশুর হাত-পা পুড়ে গেছে। পরে তারা হাতের কব্জিটি বাড়ির পাশে মাটিতে পুঁতে রাখেন। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন তৌহিদ জামান জানান, শিশুটিকে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। হাকিমপুর থানার ওসি জাকির হোসেন জানান, শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। শিশুর চিকিৎসার সব ধরনের ব্যয়ভারের দায়িত্ব নিয়েছে উপজেলা প্রশাসন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান