নাইক্ষ্যংছড়িতে বিপুল ইয়াবাসহ পেশাদার মাদক কারবারী ছৈয়দ আকবর আটক

নাইক্ষ্যংছড়িতে বিপুল ইয়াবাসহ পেশাদার মাদক কারবারী ছৈয়দ আকবর আটক
ছবিঃ এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ ছৈয়দ আকবর (২৫) নামে এক পেশাদার মাদক কারবারীকে আটক করেছে। (মঙ্গলবার) দুপুরে নাইক্ষ্যংছড়ি সদর সীমান্তের ৪৩ ও ৪৪ নম্বর সীমান্ত পিলার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ছৈয়দ আকবর নাইক্ষ্যংছড়ি সদরের বাসিন্দা আব্দুল মালেকের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের একটি চৌকস দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এসময় মোটরসাইকেল নিয়ে সীমান্ত এলাকা পার হওয়ার সময় ছৈয়দ আকবরকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং পাচারের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। স্থানীয়রা জানান, আটক ছৈয়দ আকবর দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক কারবারের সাথে জড়িত। সে এলাকায় একজন পেশাদার ইয়াবা কারবারী হিসেবে পরিচিত। নাইক্ষ্যংছড়ি থানার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বাতেন মৃধা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি