রামুতে পুলিশের বিশেষ অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম বোমাংখীল এলাকায় পুলিশের বিশেষ অভিযানে মালিকবিহীন ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ পুলিশ পরিদর্শক আনিসুর রহমানের নেতৃত্বে এসআই জুয়েল চৌধুরীসহ একটি চৌকস পুলিশ টিম এ অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে পশ্চিম বোমাংখীল এলাকার বাইকচালক সোহেলের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সোহেল পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে নেতৃত্বদানকারী এসআই জুয়েল চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গর্জনিয়া ও কচ্ছপিয়া এলাকা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের জন্য আলোচিত। স্থানীয়দের দাবি, এটাই এ অঞ্চলে এখন পর্যন্ত পুলিশের উদ্ধার করা সবচেয়ে বড় ইয়াবার চালান। এ বিষয়ে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনিরুল ইসলাম ভূঁইয়া জানান, মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি উদ্ধারকৃত ইয়াবার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি