জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দিনব্যাপী বিএনপির কর্মসূচি
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলা, মহানগর ও বিভিন্ন উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার (৩০ মে) দিনব্যাপী ব্যাপক কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআন খতম, আলোচনা সভা, দোয়া মাহফিল, দুস্থদের মাঝে খাবার বিতরণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বইমেলা, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন। রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, “বাংলাদেশের স্বাধীনতা কোনো আন্তর্জাতিক সমঝোতার টেবিলে অর্জিত হয়নি। দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে জাতি স্বাধীনতা লাভ করেছে। সেই সংগ্রামে জিয়াউর রহমান সাহসী ও ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন।”
তিনি আরও বলেন, “বিএনপির নেতাকর্মীদের সবচেয়ে বড় শক্তি ও অলঙ্কার হলো সততা। অতীতের সকল বিভেদ ভুলে জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহ-সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এমপি, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং সংসদ সদস্য নজরুল ইসলাম মণ্ডল। বক্তারা তাদের বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর ভূমিকা এবং রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এদিকে শাহাদাতবার্ষিকী উপলক্ষে নগরীর ভুবন মোহন পার্কে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে বইমেলা এবং রাজশাহী মহানগর ছাত্রদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। পরে অতিথিরা বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং পাঠাভ্যাস বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মামুন, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সকালে রাজশাহী মহানগর বিএনপির মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এ সময় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ইশাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশগঠন, উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অন্যদিকে রাজশাহীর মোহনপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক এবং জাতির স্বপ্ন বাস্তবায়নের সফল কারিগর। তাঁর ঘোষিত ১৯ দফা কর্মসূচি দেশের মানুষের উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।” তিনি আরও বলেন, “জিয়াউর রহমান ছিলেন শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের নেতা। তাঁর নেতৃত্ব ও রাষ্ট্রদর্শন জাতিকে সঠিক পথের দিকনির্দেশনা দিয়েছে।”
মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট সামসাদ বেগম মিতালী, সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা ইসলাম এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে আয়োজিত এসব কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে তাঁর রাজনৈতিক আদর্শ, জাতীয়তাবাদী দর্শন এবং দেশের উন্নয়নে অবদানের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন