দূর্গাপুর ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি
দৈনিক বিজয় নিউজ রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে ইউনিয়ন ভূমি (তহসিল) অফিসে জানালার গ্রিল কেটে ও থাই গ্লাস ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঈদের দীর্ঘ ছুটির সুযোগে সংঘটিত এ ঘটনায় কম্পিউটারের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশসহ বিভিন্ন মালামাল চুরি হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর পৌর সদরের সিংগা হাট এলাকায় অবস্থিত ঝালুকা ইউনিয়ন ভূমি অফিসে। অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটির কারণে অফিস বন্ধ ছিল। ছুটি শেষে সোমবার (১ জুন) সকালে কর্মচারীরা অফিস খুলতে এসে জানালার গ্রিল কাটা ও থাই গ্লাস ভাঙা অবস্থায় দেখতে পান। ভেতরে প্রবেশ করে দেখা যায়, অফিস কক্ষের আসবাবপত্র ও নথিপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। কম্পিউটারের মনিটর ভাঙা অবস্থায় পাওয়া গেলেও হার্ডডিস্ক, র্যাম, প্রসেসর, মাদারবোর্ড, সিডি/ডিভিডি ড্রাইভ, ওয়াইফাই রাউটারসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। ঝালুকা (সিংগা হাট) ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা (নায়েব) নরশাদ আলী জানান, ঈদের ছুটির সুযোগে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা অফিসের ভেতরে তছনছ চালিয়ে প্রয়োজনীয় যন্ত্রাংশ নিয়ে যায়। তিনি আরও জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয় এবং পরে থানায় সাধারণ ডায়েরি করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্গাপুর থানা পুলিশ-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর হওয়ায় বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ জড়িতদের শনাক্তে পুলিশের একটি টিম কাজ করছে। পাশাপাশি চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
দৈনিক বিজয় নিউজ/ মো: গোলাম কিবরিয়া