পাবনায় উদ্ধারকৃত ৫৪টি মোবাইল ফোন ফেরত পেলেন প্রকৃত মালিকেরা
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
পাবনায় জেলা পুলিশের বিশেষ অভিযানে নানা সময়ে হারিয়ে যাওয়া উদ্ধার হওয়া ৫৪টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে পাবনা জেলা পুলিশের সভা কক্ষে এক আনুষ্ঠানিক কার্যক্রমের মাধ্যমে যাচাই-বাছাই শেষে উদ্ধারকৃত এসব ফোন প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা যায়, পাবনা জেলার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ'র সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় গত ২৬ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত মাসব্যাপী অভিযান চালায় জেলা পুলিশের সাইবার ক্রাইম শাখা। এ সময়ে গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে এবং আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে জেলাজুড়ে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫৪টি মোবাইল ফোন সফল ভাবে উদ্ধার করতে সক্ষম হয় সাইবার টিমের সদস্যরা। নিজের হারানো ফোন ফেরত পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন একাধিক ফোন মালিক। পাবনা পুলিশের এই দ্রুত ও কার্যকর পদক্ষেপে সাধুবাদ জানিয়ে তারা বলেন, আশা ছেড়ে দেওয়া ফোনগুলো আবার ফেরত পাব, তা ভাবতেই পারিনি। জেলা পুলিশের এই উদ্যোগে নাগরিকদের পুলিশের প্রতি আস্থা আরও সুদৃঢ় হবে। পাবনা জেলা পুলিশ জানায়, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনে তারা পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। মোবাইল ফোন চুরি বা হারিয়ে গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত সময়ের মধ্যে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি করা ও প্রয়োজনীয় তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সর্ব সাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এভাবে কাজ করার ফলে সাধারণ মানুষের পুলিশের প্রতি আস্থা অনেক গুন বেড়েছে। হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে প্রকৃত মালিকেরা পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান