নিরাপদ পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় জরুরি পদক্ষেপের তাগিদে ধামইরহাটে গম্ভীরা অনুষ্ঠিত

নিরাপদ পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় জরুরি পদক্ষেপের তাগিদে ধামইরহাটে গম্ভীরা অনুষ্ঠিত
ছবিঃ মোঃ নুর সাইদ ইসলাম

দৈনিক বিজয় নিউজ ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ

অনিয়ন্ত্রিত প্লাস্টিকের ব্যবহার, বর্জ্যের অপরিকল্পিত ফেলার হার বৃদ্ধি এবং নিরাপদ পানির অপচয়ে চরম ঝুঁকিতে পড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্য। এই সংকট মোকাবিলায় সমন্বিত পানি সম্পদ সংরক্ষণ এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় জরুরি পদক্ষেপ গ্রহণের বার্তা নিয়ে নওগাঁর ধামইরহাটে অনুষ্ঠিত হলো এক সচেতনতামূলক গম্ভীরা। গতকাল বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর বিকেল ৫টায় উপজেলার খেলনা ইউনিয়নের খেলনা বাজার মাঠে স্থানীয় জনগণকে সচেতন করার লক্ষ্যে এই ব্যতিক্রমী লোকনাটকের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা ‘প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট’-এর শিল্পীরা প্রাণবন্ত গম্ভীরার মাধ্যমে নাটিকার আকারে পরিবেশগত সংকট ও সমাধানের নানা দিক ফুটিয়ে তোলেন। এতে সমন্বিত পানি সম্পদ সংরক্ষণ, নিরাপদ পানির সুষম ব্যবহার, প্রাত্যহিক কঠিন বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা, ক্ষতিকর প্লাস্টিকের ব্যবহার উল্লেখযোগ্য হারে হ্রাস করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। ঐতিহ্যবাহী গম্ভীরার চমৎকার সুর ও অভিনয়ে মুগ্ধ হয়ে স্থানীয় প্রায় ৬ শতাধিক নারী-পুরুষ এবং শিক্ষার্থী পুরো অনুষ্ঠান উপভোগ করেন।

এর আগে গম্ভীরা নাটিকার আনুষ্ঠানিক উদ্বোধন করেন খেলনা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক। এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান, খেলনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যগণ এবং ইএসডিও’র উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল চৌধুরীসহ উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। উল্লেখ্য, সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহায়তায় ‘ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন’ (ইএসডিও) বাস্তবায়িত ‘GO4IMPact’ প্রকল্পের আওতায় এ জনসচেতনতামূলক পরিবেশনাটি আয়োজিত হয়। আয়োজক সংগঠনের প্রতিনিধিরা জানান, লোকসংস্কৃতির মতো ঐতিহ্যবাহী ও প্রিয় মাধ্যম ব্যবহার করে বার্তা দিলে সাধারণ মানুষ তা সহজেই গ্রহণ করে। এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ ও পানি সম্পদ সুরক্ষায় দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনে উদ্বুদ্ধ করবে বলে তারা আশা প্রকাশ করেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নুর সাইদ ইসলাম