কুমিল্লায় ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ‘২ টাকার আহার’ কর্মসূচি অনুষ্ঠিত

কুমিল্লায় ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ‘২ টাকার আহার’ কর্মসূচি অনুষ্ঠিত
ছবিঃ সুমন আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

“শ্রমজীবী মানুষের পাশে প্রশংসনীয় উদ্যোগ জেগে উঠুক বিবেক”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে অত্যন্ত ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ‘২ টাকার আহার’ কর্মসূচি। শনিবার (২৫ জুলাই) দুপুরে কুমিল্লা কান্দিরপাড় টাউন হল মাঠে এই আয়োজনের উদ্বোধন ও খাবার বিতরণ করা হয়। ​অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত তারুণ্য সংগঠন (ATS)’ এবং ‘জনকল্যাণ শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড’-এর যৌথ উদ্যোগে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও ‘বিবেক’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: ইউসুফ মোল্লা টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মর্ডান হাই স্কুল কমিটির আহবায়ক নিজাম উদ্দিন কায়সার এবং কুমিল্লা টাউন হল কমিটির সদস্য সচিব সাজ্জাদুদ কবির সাজ্জাদ। আলোকিত তারুণ্য সংগঠনের সভাপতি মো: ফয়সাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ​আয়োজকরা জানান, স্বল্প আয়ের শ্রমজীবী মানুষের জন্য প্রতীকী মূল্যে ‘২ টাকার আহার’ কর্মসূচির মাধ্যমে মানবিক সহায়তা প্রদানই এই উদ্যোগের মূল লক্ষ্য। এর মাধ্যমে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। ​বক্তারা বলেন, দুই টাকার বিনিময়ে আহারের এই আয়োজনে সমাজের বিত্তবানরা এগিয়ে এলে এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব। “মানুষ মানুষের জন্য” এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। এ ধরনের অনন্য উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং একটি সুন্দর মানবিক সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ