কুমিল্লার দেবিদ্বারে পুলিশের সাঁড়াশি অভিযান: ৭ মাদক কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে ১ জনের কারাদণ্ড
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৭ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ জনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং বাকি ৬ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ও রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুর নূর মসজিদের পাশ থেকে সুলতানপুর গ্রামের বাসিন্দা নয়ন মিয়া (৫২) ও জাকির হোসেনকে (৪৯) ৪৬ পিস ইয়াবাসহ আটক করা হয়। একই দিন বিকেলে সুলতানপুর ইউনিয়নের সাননগর এলাকায় অভিযান চালিয়ে ইউসুফ (২৭), সুরুজ মিয়া (৭০) এবং কাউছার আহমেদকে (২৮) আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া এলাহাবাদ ইউনিয়নের ডালকরপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে কুমিল্লা কোতয়ালি থানার ছোটরা এলাকার বাসিন্দা মামুনকে (৩৩) ৪ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের রায়: অন্যদিকে, ভ্রাম্যমাণ আদালতের একটি অভিযানে সুলতানপুর ইউনিয়নের সাননগর গ্রামের মেহদী হাসানকে (৩৮) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ বিষয়ে থানা সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ জনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ