কুমিল্লার দাউদকান্দিতে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী আটক
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় অস্ত্রসহ মাহবুব সম্রাট (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। বুধবার (২২ জুলাই) বিকেলে উপজেলার মালিগাঁও ইউনিয়নের থৈরখোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। গ্রেপ্তার মাহবুব সম্রাট পার্শ্ববর্তী তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামের মোশারফ হোসেন ওরফে মুকবুল মেম্বারের ছেলে। পুলিশ জানায়, তিনি গত বছরের ২৫ জুলাই রাতে গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় সন্ত্রাসীদের হাতে নিহত মামুন সম্রাটের ছোট ভাই। তার বিরুদ্ধে মাদক ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। যেভাবে গ্রেপ্তার হন বুধবার সন্ধ্যায় গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল অভিযানের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলামের নেতৃত্বে একটি দল থৈরখোলা এলাকার আকবর আলী শাহ মৎস্য চাষ প্রকল্প অফিসসংলগ্ন রায়পুর-মালিগাঁও সড়কে অভিযান চালায়। এ সময় কাঁচা রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা মাহবুব সম্রাট পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ঘিরে ফেলে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে কোমর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। আইনি পদক্ষেপ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম পলাশ। পুলিশ জানিয়েছে, অস্ত্র উদ্ধারের এই ঘটনায় মাহবুব সম্রাটের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ