ব্রাহ্মণবাড়িয়া, বিজয়নগর: বিজিবির অভিযানে ৬ টন ভারতীয় জিরা জব্দ, মূল্য প্রায় কোটি টাকা
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া, বিজয়নগরী। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ টন ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে বিজিবির ২৫ ব্যাটালিয়নের একটি বিশেষ দল উপজেলার ইব্রাহিমপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে এই অভিযান চালানো হয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তল্লাশির জন্য থামানো হলে, বিজিবির উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা এক ব্যক্তি দ্রুত পালিয়ে যান। পরে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ৬ টন ভারতীয় জিরা উদ্ধার ও জব্দ করা হয়। বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, জব্দকৃত ভারতীয় জিরা ও কাভার্ড ভ্যান আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ