পীরগাছায় ঘরের অভাবে মানবেতর জীবনযাপন
দৈনিক বিজয় নিউজ পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছায় একটি ভালো বসতঘরের অভাবে জরাজীর্ণ ভাঙা ঘরে পরিবার নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন অসহায় আলতাফ হোসেন। উপজেলার ইটাকুমারী ইউনিয়নের সাতভিটা এলাকায় মাথা গোঁজার মতো নিরাপদ কোনো আশ্রয় না থাকায় রোদ-বৃষ্টি ও ঝড়ের মাঝে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছে তাঁর পুরো পরিবার। আলতাফ হোসেন ওই এলাকার মৃত আয়ান উদ্দিনের ছেলে। নিজের পৈতৃক ভিটেমাটি থাকলেও সেখানে বসবাসের উপযোগী কোনো ঘর নেই। দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ ও ভাঙা টিনের ঘরেই তিনি স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছেন। সরেজমিনে সাতভিটা এলাকায় গিয়ে দেখা যায়, আলতাফের ঘরটির ছাউনি এবং চারপাশের টিন মরচে পড়ে ভেঙে গেছে, যাতে রয়েছে অসংখ্য ছিদ্র। সামান্য বৃষ্টি হলেই চারদিক দিয়ে পানি ঢুকে ঘরের ভেতরের সবকিছু ভিজে একাকার হয়ে যায়। চলমান বর্ষা মৌসুমে তাঁদের এই দুর্ভোগ এখন চরম আকার ধারণ করেছে। প্রায়ই মাঝরাতে হঠাৎ বৃষ্টি শুরু হলে ঘরের বিছানাপত্র সরিয়ে এক কোণায় জবুথবু হয়ে মাথার ওপর পলিথিন টানিয়ে বাকি রাত পার করতে হয় এই অসহায় পরিবারটিকে।
নিজের অসহায়ত্বের কথা জানিয়ে আলতাফ হোসেন বলেন, “নুন আনতে পান্তা ফুরানোর এই অভাব-অনটনের সংসারে ঘরটি মেরামত করার মতো কোনো সামর্থ্য আমার নেই। বৃষ্টির দিনগুলোতে পরিবার নিয়ে যে কী কষ্টে থাকি, তা শুধু আল্লাহ জানেন। কোনো হৃদয়বান ব্যক্তি বা সরকার যদি একটি ঘরের ব্যবস্থা করে দিত, তবে শান্তিতে ঘুমাতে পারতাম।” স্থানীয় বাসিন্দারা জানান, হতদরিদ্র এই পরিবারটির কষ্ট চোখের সামনে দেখা যায় না। তাঁদের জন্য দ্রুত একটি টেকসই সরকারি ঘর বরাদ্দ দেওয়া অত্যন্ত জরুরি।
এ বিষয়ে জানতে চাইলে পীরগাছা উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ইটাকুমারী ইউনিয়নের দায়িত্বরত প্রশাসক এনামুল হক বলেন, “আলতাফ হোসেনের পরিবারের এমন করুণ দশা সত্যিই দুঃখজনক। একটি নিরাপদ বসতঘর মানুষের মৌলিক অধিকার। আমরা দ্রুতই বিষয়টি সরেজমিনে তদন্ত করে দেখব এবং সরকারি আশ্রয়ণ প্রকল্প বা অন্য কোনো সহায়তার আওতায় এনে তাঁদের একটি নিরাপদ ঘরের ব্যবস্থা করার সর্বোচ্চ চেষ্টা করব।” একই সাথে তিনি সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদেরও এই পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
দৈনিক বিজয় নিউজ/ আতিকুর রহমান