পাবনা পুলিশ সুপারের ভাঙ্গুড়া থানা আকস্মিক পরিদর্শন
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
পাবনা জেলা পুলিশের, পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ পাবনা জেলার ভাঙ্গুড়া থানা আকষ্মিক ভাবে পরিদর্শন করেছেন। শুক্রবার ১২ জুন তিনি থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করে আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার থানার কম্পাউন্ড, বিভিন্ন দাপ্তরিক শাখা ও প্রশাসনিক কার্যক্রম ঘুরে দেখেন। তিনি থানায় কর্মরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং জনসেবার মান আরও উন্নত করার উপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, মাদকবিরোধী অভিযান এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি এসব কার্যক্রম আরও গতিশীল, বেগবান ও কার্যকরভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এ সময় পুলিশ সুপার থানায় কর্মরত পুলিশ কর্মকর্তা ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন, জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত সেবা পৌঁছে দিতে পুলিশ সদস্যদের আরও আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে। জনআস্থা অর্জনের মাধ্যমে জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নেওয়ার উপরও তিনি গুরুত্বারোপ করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ থানার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন এবং সেবার মান আরও উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এ সময় ভাঙ্গুড়া থানার ওসি ও অন্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান