কুমিল্লায় মাদক কারবারিদের গুলিতে আহত ইথান আহমেদ প্রেম হত্যাচেষ্টা মামলার ৪ আসামি গ্রেপ্তার; অস্ত্র ও গুলি উদ্ধার
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধি
কুমিল্লায় মাদক কারবারিদের গুলিতে আহত ইথান আহমেদ প্রেমের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে এলাকাবাসীর দেওয়া ৭২ ঘণ্টার আল্টিমেটামের মধ্যেই বড় ধরনের সফলতা দেখিয়েছে কুমিল্লা পুলিশ। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে চাঞ্চল্যকর এই হত্যাচেষ্টা মামলার ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের পরিচয়:
পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে মামলার এজাহারনামীয় আসামি হলেন— ইমন (২২) এবং মো: রাকিব হাসান প্র: আসিফ (২৫)। এছাড়া, ঘটনার তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় আশিকুর রহমান আশিক (৩৮) এবং মোঃ জামশেদ হোসেন শ্রাবণ (২২)-কে গ্রেপ্তার করা হয়েছে।
অস্ত্র ও গুলি উদ্ধার:
অভিযান পরিচালনার সময় পুলিশ অপরাধীদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল এবং ম্যাগাজিনসহ ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার মাদক কারবারিদের ভয়াবহ তৎপরতার চিত্রই ফুটে তুলেছে।
পলাতক আসামির বিষয়ে:
পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, মামলার এজাহারনামীয় আরও এক আসামি এখনো পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে কুমিল্লা পুলিশের বিশেষ টিম মাঠে কাজ করছে এবং অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করায় পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুততম সময়ের মধ্যে পলাতক আসামিকে গ্রেপ্তার করে মামলার তদন্ত সম্পন্ন করা হবে এবং জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
দৈনিক বিজয় নিউজ/ ফারুক আহমেদ সুমন