নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৪ কোটি ৮৪ লাখ টাকার ১ লাখ ৬১ হাজার ইয়াবা উদ্ধার!
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ৮৪ লাখ ৮২ হাজার ৪০০ টাকা মূল্যের ১ লাখ ৬১ হাজার ৬০৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানায়, বুধবার (২ জুলাই) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার প্রধানঝিরি নামক স্থানে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৪৬/১-এস থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অধিনায়ক ১১ বিজিবির সার্বিক দিকনির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।
অভিযান চলাকালে একদল চোরাকারবারি মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির আভিযানিক দল তাদের ধাওয়া করে। এ সময় চোরাকারবারীরা তাদের বহনকৃত ইয়াবার চালান ফেলে জঙ্গলের ভেতরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৬টি কার্টনে রাখা মোট ১ লাখ ৬১ হাজার ৬০৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে হলুদ রঙের ১ লাখ ৬০ হাজার ৪টি এবং সবুজ রঙের ১ হাজার ৬০৪টি ইয়াবা ছিল। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৮৪ লাখ ৮২ হাজার ৪০০ টাকা।
১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে বিজিবি কাজ করে যাচ্ছে এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি