বোচাগঞ্জে উৎসবমুখর পরিবেশে সরকারি চেক, হুইলচেয়ার ও পুনর্বাসনের সামগ্রী বিতরণ
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর বোচাগঞ্জ প্রতিনিধি:
"উন্নত জীবন এবং যত্নশীল সমাজ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠান বোচাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, বোচাগঞ্জ-এর যৌথ আয়োজনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদানের চেক ও সামগ্রী তুলে দেন দিনাজপুর-০২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ মারুফ হাসান।
উপজেলার প্রান্তিক, অনগ্রসর, প্রতিবন্ধী ও দুস্থ জনগোষ্ঠীর মাঝে অত্যন্ত নিখুঁতভাবে এই সরকারি অনুদান ও সামগ্রী বণ্টন করা হয়েছে। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে উপজেলার বিশেষ চাহিদা সম্পন্ন ৪ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ৩টি হুইলচেয়ার এবং ১টি ট্রাইসাইকেল বিতরণ করা হয়। উপকারভোগীদের মধ্যে মোছাঃ সাহিদা খাতুন, চিরনী বালা ও মোঃ মাহিমকে হুইলচেয়ার এবং শিশু মোছাঃ আতিফা আয়াত মিসকা-কে ১টি ট্রাইসাইকেল দেওয়া হয়। এছাড়া সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত দুটি স্বেচ্ছাসেবী সংস্থা—বকুলতলা (জিনোর) এর 'ইশানিয়া ফেডারেশন' এবং জালগাঁও এর 'মুশিদহাট ফেডারেশন'-এর প্রতিটিকে এককালীন ২১,০০০/- (একুশ হাজার) টাকা করে সরকারি অনুদানের চেক প্রদান করা হয়।
উপজেলার দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিতকরণের লক্ষে ২৫ জন নির্বাচিত ব্যক্তির মাঝে এককালীন ২,০০০/- (দুই হাজার) টাকা করে মোট ৫০,০০০/- টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
বিশেষ বিবেচনায় উপজেলার অনগ্রসর ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান সুসংহত করতে এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে ১৮ জন শিক্ষার্থীর মাঝে এককালীন ২,০০০/- টাকা করে বিশেষ আর্থিক অনুদান দেওয়া হয়। এই তালিকায় যোসপিনা হাসদা, বিথিকা রানী রায়, সান্তনী মুর্মু, মুক্তা তির্কী, সম্পা তির্কী, আস্তনি সরেন, শুড স্বাঝি সহ ১৮ জন আদিবাসী ও অনগ্রসর শিক্ষার্থীর নাম অন্তর্ভুক্ত রয়েছে।
ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থান ও স্থায়ী পুনর্বাসনের লক্ষে বিশেষ সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে পুনর্বাসন কর্মসূচির আওতায় তালিকাভুক্ত ভিক্ষুকদের মাঝে ৯টি ছাগল, খাদ্যদ্রব্য ও নগদ অর্থ বিতরণ করা হয়। উপকারভোগী পানিকফুল সরেন, মোঃ ইসমাইল হোসেন ও মোছাঃ মুনছুরী-কে ছাগল, খাদ্যদ্রব্য ও নগদ অর্থ (জনপ্রতি মূল্যমান ২৮,০০০/- টাকা) এবং মোঃ জাবেদ আলী-কে সবজি ও একটি নতুন ভ্যানগাড়ী (মূল্যমান ২৫,০০০/- টাকা) প্রদান করা হয়।
একই সাথে উপজেলার ৮টি বেসরকারি ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত এতিমখানায় বিশাল অঙ্কের সরকারি চেক তুলে দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলোর মধ্যে:
১. সহযপুর রাবেয়া খাতুন দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং (১,৫৬,০০০/- টাকা)
২. হাজী দানেশ এতিমখানা ও পাঠাগার (১,৫৬,০০০/- টাকা)
৩. মাকামে মাহমুদা এতিমখানা ও পাঠাগার (২,২৮,০০০/- টাকা)
৪. আখাপুর পাঁচগ্রাম নূরানী হাফেজিয়া মাদ্রাসা (৩,০০,০০০/- টাকা)
৫. মহেশাইল সরকারপাড়া হাফেজিয়া এতিমখানা (২,১৬,০০০/- টাকা)
৬. হাজী সমির উদ্দিন এতিমখানা (৩,৩৬,০০০/- টাকা)
৭. সিরাজুম মুনিরা এতিমখানা (১,৫৬,০০০/- টাকা)
৮. পড়িয়ালপুর হাফেজিয়া এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং (২,৮৮,০০০/- টাকা)
এছাড়াও ক্ষুদ্র জাতিসত্তা ও অনগ্রসর সম্প্রদায়ের আরও ১১টি দুস্থ পরিবারকে তাৎক্ষণিক জীবনমান উন্নয়নের জন্য এককালীন ২,০০০/- টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার সমাজের অবহেলিত ও প্রান্তিক মানুষকে মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করছে। সমাজসেবা অধিদপ্তরের এই মানবিক ও কল্যাণমুখী উদ্যোগ বোচাগঞ্জের দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নে এক মাইলফলক হিসেবে কাজ করবে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আনোয়ার হোসেন