৪৮- নওগাঁ ৬ আসনের সাবেক এমপি ওমর ফারুক হত্যার মামলায় গ্রেফতার
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সোহেল রানা নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ওমর ফারুক সুমনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম শুনানি শেষে তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা যায়, গত ৬ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান ওমর ফারুক সুমনকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ওই আবেদনের শুনানির জন্য বুধবার তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট মোহাম্মদপুর থানার তিন রাস্তার মোড়সংলগ্ন মজুর ভিলার সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন মো. সোহেল রানা (৩৮)। এ সময় হামলা ও গুলিতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় ২০২৫ সালের ১১ জুন মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টার অভিযোগ এবং বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, ঘটনার সঙ্গে সাবেক সংসদ সদস্য ওমর ফারুক সুমনের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তাই তদন্তের স্বার্থে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন। উল্লেখ্য, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ওমর ফারুক সুমনকে গ্রেপ্তার করে। এরপর বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক বিভিন্ন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে রাখা হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার