ময়মনসিং ঈশ্বরগঞ্জে জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে বিরোধ এবং একই পরিবারের অন্তঃসত্ত্বাসহ ৩ জনকে কুপিয়ে জখম, স্বর্ণালংকার ছিনতাই

ময়মনসিং ঈশ্বরগঞ্জে জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে বিরোধ এবং  একই পরিবারের অন্তঃসত্ত্বাসহ ৩ জনকে কুপিয়ে জখম, স্বর্ণালংকার ছিনতাই
ছবিঃ মোঃ রফিকুল

দৈনিক বিজয় নিউজ ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ  প্রতিনিধিঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনাবাদি জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় এক অন্তঃসত্ত্বা গৃহবধূ ও তার শাশুড়ির গলা থেকে স্বর্ণ ও রুপার চেইন ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও ভুক্তভোগীরা দাবি করেছেন। শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের নিজ পুবাইল গ্রামে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। হামলায় আহত ব্যক্তিরা হলেন— ওই গ্রামের স্বপন মিয়া (৩৮), তার মা রাশিদা বেগম (৬৩) এবং স্বপন মিয়ার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সাবিয়া আক্তার (৩৩)। আজ রবিবার (১৮ অক্টোবর) সকালে ঘটনাস্থল পরিদর্শনে গেলে ভুক্তভোগী পরিবারের সদস্যরা সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়েন এবং ঘটনার রোমহর্ষক বর্ণনা দেন।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, শনিবার সকালে অনাবাদি জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে স্বপন মিয়ার পরিবারের সঙ্গে প্রতিপক্ষের কথা-কাটাকাটি হয়। এরই জেরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে স্বপন মিয়ার বাড়িতে হামলা চালায়। তারা স্বপন মিয়া ও তার বৃদ্ধা মা রাশিদা বেগমকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। এ সময় স্বপন মিয়ার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সাবিয়া আক্তার তাদের বাঁচাতে এগিয়ে এলে তাকেও নির্মমভাবে পিটিয়ে আহত করা হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, হামলার একপর্যায়ে হামলাকারীরা অন্তঃসত্ত্বা গৃহবধূ সাবিয়া আক্তারের গলা থেকে একটি স্বর্ণের চেইন এবং তার শাশুড়ি রাশিদা বেগমের গলা থেকে একটি রুপার চেইন ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। রবিবার সকালে সরেজমিনে এলাকায় গেলে দেখা যায়, পুরো পরিবারটি চরম আতঙ্কের মধ্যে রয়েছে। আহতদের শরীরে আঘাতের চিহ্ন এবং ঘরের আসবাবপত্র ভাঙচুরের চিত্র দেখা গেছে। ঘটনার বর্ণনা দিতে গিয়ে স্বপন মিয়ার মা ও স্ত্রী কান্নায় ভেঙে পড়েন। তারা এই অন্যায় ও বর্বর হামলার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রফিকুল