শিশু নির্যাতন: কুমিল্লায় চাঞ্চল্যকর মামলায় আসামির মৃত্যুদণ্ড

শিশু নির্যাতন: কুমিল্লায় চাঞ্চল্যকর মামলায় আসামির মৃত্যুদণ্ড
ছবিঃ সুমন আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লা ​কুমিল্লার বুড়িচং উপজেলায় চাঞ্চল্যকর এক শিশু নির্যাতন মামলায় বিল্লাল হোসেন নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে কুমিল্লার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জনাব আব্দুল হান্নান জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। ​রায় অনুযায়ী, মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ​মামলার বিবরণে জানা যায়: ২০২৪ সালের ৬ অক্টোবর বুড়িচং থানায় ভুক্তভোগী শিশুকে নির্যাতনের ঘটনায় একটি মামলা (মামলা নং-০৫) দায়ের করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া, সাক্ষ্যগ্রহণ এবং ফরেনসিক রিপোর্ট চুলচেরা বিশ্লেষণের পর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(২) ধারায় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। পরবর্তীতে মামলাটি কুমিল্লার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে (মামলা নং-২৭১/২৬) স্থানান্তরিত হয়। ​রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি বিল্লাল আদালতে উপস্থিত ছিলেন। বিচারক রায় ঘোষণার পর পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামি বিল্লাল কুমিল্লার বুড়িচং থানার সাংপুর্নমতি এলাকার হারুনুর রশিদ ও নিলুফা আক্তার দম্পতির ছেলে। ​আদালতের এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। এই রায় সমাজে শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধ দমনে একটি কঠোর বার্তা হিসেবে কাজ করবে বলে সচেতন মহল মনে করছেন।

দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ