প্লাস্টিকের বিনিময়ে গাছ বিতরণ কর্মসূচি আয়োজন করছে গ্রীন ভয়েস, পাবিপ্রবি শাখা
দৈনিক বিজয় নিউজ পাবিপ্রবি প্রতিনিধিঃ
পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং প্লাস্টিক দূষণ কমিয়ে সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ‘প্লাস্টিকের বিনিময়ে গাছ বিতরণ’ কর্মসূচির আয়োজন করেছে গ্রীন ভয়েস, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা। সংগঠনটির উদ্যোগে আগামী ১৮ জুলাই (শনিবার) সকাল ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের এলিভেটেড প্লাজার নিচে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানান, কর্মসূচিতে অংশগ্রহণকারী যে কেউ ব্যবহৃত ৫টি প্লাস্টিকের বোতল জমা দিলে বিনিময়ে একটি গাছের চারা পাবেন। প্লাস্টিক বর্জ্যের পুনর্ব্যবহার নিশ্চিত করা, পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা এবং ক্যাম্পাসে সবুজায়ন বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। এ বিষয়ে গ্রীন ভয়েস, পাবিপ্রবি শাখার পক্ষ থেকে জানানো হয়, একটি গাছ শুধু বর্তমানের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি সবুজ প্রতিশ্রুতি। তাই পরিবেশ রক্ষার এ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সকলকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। কর্মসূচিটির স্লোগান,‘প্লাস্টিক বর্জন করি, সবুজ পৃথিবী গড়ি।’ আয়োজকদের আশা, সবার সম্মিলিত অংশগ্রহণে প্লাস্টিকমুক্ত, পরিচ্ছন্ন ও টেকসই ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব হবে।
দৈনিক বিজয় নিউজ/ ভাস্কর চন্দ্র রায়