মাদকাসক্ত হয়ে বাবা-মাকে নির্যাতন: বুড়িচংয়ে যুবকের কারাদণ্ড
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
মাদকাসক্ত অবস্থায় নিজ বাবা-মাকে মারধর ও অমানবিক নির্যাতনের দায়ে কুমিল্লার বুড়িচং উপজেলায় সাব্বির হোসেন (২০) নামে এক যুবককে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে ৫০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও শাস্তির বিধান রাখা হয়েছে। শনিবার (১৮ জুলাই) বুড়িচং উপজেলার ভান্তী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। দণ্ডপ্রাপ্ত সাব্বির ওই এলাকার লিল মিয়া ও মায়া বেগমের সন্তান। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই সাব্বির মাদকাসক্ত অবস্থায় পরিবারের সদস্যদের ওপর অমানবিক নির্যাতন চালিয়ে আসছিলেন। বিশেষ করে তার বাবা ও মাকে শারীরিক ও মানসিকভাবে প্রতিনিয়ত হেনস্তা করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জিয়ার নেতৃত্বে পুলিশ দল ওই এলাকায় অভিযান চালায়। ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার অপরাধী সাব্বির হোসেনকে মাদকদ্রব্য সেবন ও পরিবারের ওপর নির্যাতনের দায়ে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানার আদেশ দেন। এ বিষয়ে বুড়িচং থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদকবিরোধী এই বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ