রাঙ্গুনিয়ায় ইয়াবা সেবনের দায়ে ২যুবককে কারাদণ্ড
দৈনিক বিজয় নিউজ চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে ইয়াবা সেবনের অপরাধে দুই যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ৫ আগস্ট ২৬( বুধবার) দুপুরে রাঙ্গুনিয়া উপজেলা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান এই আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—সরফভাটা সুচিয়া পাড়া এলাকার ওবায়দুল (৩৪) ও পৌরসভা এলাকার দক্ষিণ নোয়াগাঁওয়ের বাসিন্দা সাইফুদ্দিন রুবেল (৩০)। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মাদকদ্রব্য সেবনের বিষয়টি হাতেনাতে প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাঁদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাঁদের অতিরিক্ত আরও একদিন কারাভোগ করতে হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
দৈনিক বিজয় নিউজ/ পুলক বড়ুয়া