ব্রাহ্মণপাড়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪, ভিকটিম উদ্ধার
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত এক আসামি এবং মোবাইল কোর্টের মাধ্যমে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে সার্চ ওয়ারেন্টের ভিত্তিতে এক ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৪ আগস্ট) ব্রাহ্মণপাড়া থানার এএসআই মো. নাছির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার বলাখাল গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. মাইন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। একই দিনে ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. আল-আমিন, এসআই সুজন কুমার আচার্য্য ও এএসআই মো. নাছির উদ্দিনের যৌথ নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—নাদিম মিয়া (২২), মো. ইকবাল হোসেন (২৯) এবং মো. বাচ্চু মিয়া (৪৫)।
গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মাদক সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় নাদিম মিয়া ও ইকবাল হোসেনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং জনপ্রতি ৩০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া মো. বাচ্চু মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা করা হয়। এদিকে একই দিন ব্রাহ্মণপাড়া থানার এসআই সুজন কুমার আচার্য্য সঙ্গীয় ফোর্স নিয়ে সার্চ ওয়ারেন্টের ভিত্তিতে ছোটধুশিয়া গ্রাম থেকে মোসা. জোনাকি আক্তার (২০) নামের এক ভিকটিমকে উদ্ধার করেন। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এবং উদ্ধারকৃত ভিকটিমকে আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ