জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালিত: শহিদদের প্রতি কুমিল্লার সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লা জেলায় দিবসটি যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) দিনব্যাপী এই আয়োজনে জেলার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দিবসের শুরুতে বুধবার সকালে কুমিল্লা জেলা শহরের টাউন হলে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসন ও জেলা পুলিশের নেতৃত্বে এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালি পরবর্তী সময়ে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য, বীর শহিদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশপ্রেম সমুন্নত রাখার সুদৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। বক্তারা বলেন, শহিদদের রক্তের বিনিময়ে অর্জিত এই গণতান্ত্রিক চেতনাকে ধরে রেখে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ উপস্থিত ছিলেন। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদদের স্মৃতি সংরক্ষণ এবং তাঁদের আদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ