সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক/অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা, অভিভাবক সমাবেশ,বিভিন্ন ক্লাবের উদ্বোধন এবং কৃতিত্বপূর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ আগস্ট ২০২৬) দুপুরে পৌর শহরের ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা, ক্লাব উদ্বোধন ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াত, গীতাপাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ও সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদাত হুসেইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।
প্রধান অতিথি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও কৃতিত্বের স্বীকৃতি হিসেবে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করেন এবং বিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ নুর নাহার বেগম। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আখিরুজ্জামান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন, সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ নুসরাত জাহান নিশাসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে ২৮ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র এবং ৩৯ জন শিক্ষার্থীকে শতভাগ উপস্থিতির জন্য সনদ প্রদান করা হয়। এছাড়া সাম্প্রতিক সময়ে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য দুইজন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়।
পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা, শৃঙ্খলা, নৈতিকতা ও ভবিষ্যৎ বিকাশ নিয়ে অভিভাবকদের সঙ্গে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা, নেতৃত্ব ও সৃজনশীলতার বিকাশে সহায়ক পরিবেশ তৈরির লক্ষ্যে বিদ্যালয়ের আটটি ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলামকে সম্মাননা স্মারক ও মানপত্র প্রদান করা হয়। বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত সাফল্য শুধু পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়; জ্ঞানী, নৈতিক, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার মধ্যেই এর প্রকৃত সার্থকতা। শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনার বিকাশে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নুরন্নবী খান জুয়েল।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ হোসেন আলী ছোট্ট