শ্রীপুরে বলাকার ইঞ্জিন বিকল, গন্তব্যে যেতে যাত্রীদের চরম ভোগান্তি
দৈনিক বিজয় নিউজ গাজিপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে চরম দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী। ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় সাড়ে ৪ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। দীর্ঘ অপেক্ষার পর বিকল্প ইঞ্জিনের মাধ্যমে ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে দীর্ঘ বিলম্বের কারণে অনেক যাত্রী বাধ্য হয়ে বিকল্প পথে গন্তব্যে রওনা হন। ভুক্তভোগী যাত্রী ও স্টেশন কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ঢাকা থেকে জারিয়াগামী বলাকা কমিউটার ট্রেনটি বুধবার সকাল ৭টার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়। পরে ট্রেনটি পরবর্তী স্টেশন সাতখামাইরের উদ্দেশ্যে রওনা হলে ওই এলাকায় গিয়ে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
সাতখামাইর রেলস্টেশন বর্তমানে বন্ধ থাকায় বিকল ট্রেনটিকে পেছনের দিকে টেনে এনে শ্রীপুর রেলওয়ে স্টেশনে ফিরিয়ে আনা হয়। এতে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয় এবং শত শত যাত্রী ট্রেনের ভেতর আটকা পড়েন। বিশেষ করে জারিয়াগামী দূরপাল্লার যাত্রীরা দীর্ঘ সময় অপেক্ষা করে চরম ভোগান্তিতে পড়েন। মো. সাদিকুল নামে এক জারিয়াগামী যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “সকালে ঢাকা থেকে জারিয়া যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠেছিলাম। শ্রীপুরে আসার পর ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় আটকা পড়েছি। শত শত যাত্রী দুর্ভোগ পোহাচ্ছেন। কখন গন্তব্যে পৌঁছাতে পারব, তা নিয়ে অনিশ্চয়তায় আছি।”
শ্রীপুর রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার শামিমা জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ৭টার দিকে বলাকা কমিউটার ট্রেনটি শ্রীপুর স্টেশনে আসে। পরে সাতখামাইর স্টেশনের কাছে যাওয়ার পর ট্রেনটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে ট্রেনটিকে পুনরায় শ্রীপুর স্টেশনে ফিরিয়ে আনা হয়। তিনি আরও বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে ঢাকা থেকে বিকল্প একটি ইঞ্জিন আনা হলে প্রায় ৪ ঘণ্টা পর ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে শ্রীপুর স্টেশন ছেড়ে যায়।
দৈনিক বিজয় নিউজ/ আলামিন