বগুড়ায় সাংবাদিকতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী : গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
দেশের শীর্ষস্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর প্রশিক্ষণ ও উন্নয়ন বিভাগ আয়োজিত দুই দিনব্যাপী ‘সাংবাদিকতায় দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ’-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল ৪টায় বগুড়ার বনানীতে গাক টাওয়ার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রশিক্ষণে স্যাটেলাইট টেলিভিশন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া, ব্রডকাস্ট এবং বিভিন্ন অনলাইন গণমাধ্যমের ৩০ জন সাংবাদিক অংশ নেন। দুই দিনের প্রশিক্ষণে পেশাগত সাংবাদিকতা, তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সংবাদে সততা, দায়িত্বশীলতা, নিরপেক্ষতা এবং পেশাগত মূল্যবোধসহ সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম.আর. ইসলাম স্বাধীন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন, ক্যাপস্টোন ফেলো-এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাকের সিনিয়র পরিচালক ড. মো. মাহবুব আলম, উপপরিচালক মো. আরমান হোসেন, সহকারী পরিচালক মো. জিয়া উদ্দিন সরদার এবং সহকারী পরিচালক (প্রশাসন) মো. সাইদুল ইসলামসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি তথ্যভিত্তিক, সচেতন ও দায়িত্বশীল সমাজ গঠনে গণমাধ্যম ও সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা শুধু সংবাদ পরিবেশন করেন না, তাঁরা জনমত গঠন, জনসচেতনতা সৃষ্টি এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ক্ষেত্রে সত্যনিষ্ঠা, নিরপেক্ষতা, পেশাগত সততা এবং দায়িত্বশীলতা নিশ্চিত করা জরুরি। বক্তারা আরও বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সাংবাদিকতার ধরন ও পরিধিতেও ব্যাপক পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি তথ্য যাচাই, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার বিষয়গুলোতে আরও গুরুত্ব দিতে হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। সময়োপযোগী ও পেশাগত দক্ষতা উন্নয়নমূলক এ প্রশিক্ষণের আয়োজন করায় অংশগ্রহণকারী সাংবাদিকরা গাক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান