বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাবনায় পেশাজীবী দলের বর্ণাঢ্য র‌্যালি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাবনায় পেশাজীবী দলের বর্ণাঢ্য র‌্যালি
ছবিঃ এম এ খালেক

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা করেছে পাবনা জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দল। মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম রাসেল'র দিক নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়।পাবনা জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম খান বাবু ও মোঃ ছিদ্দিকুল ইসলামের নেতৃত্বে সাবেক এমপি রফিকুল ইসলাম বকুলের গলি এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়।ব্যানার, ফেস্টুন ও জাতীয়তাবাদী স্লোগানে মুখর র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও র‌্যালিতে যোগ দেয়। র‌্যালিতে পেশাজীবী দলের সহসভাপতি সহকারী অধ্যাপক রবিউল ইসলাম বাবলু, সহকারী অধ্যাপক সুলতানা গোলে জান্নাত কণা, মোঃ শরিফুল ইসলাম, মো. ইমরান আলী, জাহিদুর রহমান বাবলু বিশ্বাস, মো. মিলন হোসেন ও কাজী আনোয়ার হোসেন জুয়েল এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। পরে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত কর্মসূচি শেষে পেশাজীবী দলের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাবনা জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবু। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ছিদ্দিকুল ইসলাম। সভায় অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবু বলেন, আজ ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী। এই ঐতিহাসিক দিনে পাবনা জেলা পেশাজীবী দলের পক্ষ থেকে বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করি। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদী চেতনার এক অনন্য প্রতীক। তাঁর আদর্শকে ধারণ করেই বিএনপি দীর্ঘ পথ অতিক্রম করেছে। গণতন্ত্র, মানুষের অধিকার, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে বিএনপির নেতাকর্মীরা বারবার ত্যাগ স্বীকার করেছেন। নজরুল ইসলাম খান বাবু বলেন, আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের অঙ্গীকার হোক বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র ও আইনের শাসন সমুন্নত রাখা এবং একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। পাবনা জেলা পেশাজীবী দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের শৃঙ্খলা, ঐক্য ও মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। তিনি তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করে দেশ ও জাতির ভবিষ্যৎ নির্মাণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা জীবন দিয়েছেন, নির্যাতন সহ্য করেছেন এবং ত্যাগ স্বীকার করেছেন প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমরা শ্রদ্ধার সঙ্গে তাঁদের স্মরণ করছি। আলোচনা সভায় পেশাজীবী দলের সাধারণ সম্পাদক মো. ছিদ্দিকুল ইসলাম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও গণতান্ত্রিক আন্দোলনকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভায় পেশাজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান