মালিকের ঘর থেকে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার: রহস্যে ঘেরা সেই রুমের দরজা খুলতেই যা দেখলেন সবাই!

মালিকের ঘর থেকে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার: রহস্যে ঘেরা সেই রুমের দরজা খুলতেই যা দেখলেন সবাই!
ছবি : সুমন আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

​কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রেস্টুরেন্ট মালিকের বসতঘর থেকে মো. সিফাত হৃদয় (২২) নামের এক তরুণ কর্মচারীর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। রোববারের এই চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনায় নানা গুঞ্জন ডালপালা মেলছে সাধারণ মানুষের মাঝে।

​নিহত সিফাত হৃদয় ফেনী সদর উপজেলার নাজিররোড এলাকার মৃত আব্দুল হকের ছেলে। তিনি মায়ের সঙ্গে সেখানে থেকে বুড়িচং উপজেলা সদরের মাঈন উদ্দিন সোহেলের রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করতেন। নিয়ম অনুযায়ী রেস্টুরেন্টের কর্মচারীরা মালিকের ব্রাহ্মণপাড়ার নগরপাড় গ্রামের বাড়ির একটি কক্ষেই বসবাস করতেন।

​রেস্টুরেন্ট মালিক মাঈন উদ্দিন সোহেল জানান, মাত্র ২০ দিন আগে কাজে যোগ দেওয়া হৃদয় মায়ের অসুস্থতার কথা বলে বাড়ি ঘুরে কর্মস্থলে ফেরেন। ঘটনার দিন সকালে অন্য সহকর্মীরা কাজে গেলেও হৃদয় অসুস্থতার কথা বলে বিছানায় থেকে যান। দুপুরে তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে সহকর্মীরা দরজায় কড়া নেড়ে ভেতর থেকে লক করা দেখতে পান। পরে বারান্দার ফাঁক দিয়ে সিলিংফ্যানের সঙ্গে গামছা পেঁচানো ঝুলন্ত দেহ দেখতে পেয়ে সবাই আঁতকে ওঠেন।

​স্থানীয় ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভেতর থেকে বন্ধ থাকা কক্ষের বারান্দার ফাঁক দিয়ে হৃদয়ের ঝুলন্ত মরদেহ দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

​ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় হৃদয়ের মরদেহ উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই পরিষ্কার হবে। এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ