কেশবপুরে এনজিও সমন্বয় কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধি:
কেশবপুরে এনজিও সমন্বয় কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনমুখী করতে এনজিও সমন্বয় কমিটির উদ্যোগে ওই সভা অনুষ্ঠিত হয়। সোমবার (৭ সেপ্টম্বর-২৬) বিকেল ৪ টায় সভায় উপজেলার বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)-এর কর্মকর্তা, প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এনজিও সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসেন। প্রধান অতিথি বলেন, সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় থাকলে উন্নয়ন কর্মকাণ্ডের সুফল দ্রুত মানুষের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এনজিওগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের কল্যাণে সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিনিময় ও নিয়মিত সমন্বয় সভা আয়োজন করা প্রয়োজন।
দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ