বোচাগঞ্জে মাদক ও জুয়া প্রতিরোধ সমাবেশ: যুবসমাজ রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধের আহ্বান
দৈনিক বিজয় নিউজ বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
‘মাদক ও জুয়া বর্জন করি, সুস্থ-সুন্দর সমাজ গড়ি’—এই অঙ্গীকারকে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে অনুষ্ঠিত হলো মাদক ও জুয়াবিরোধী এক সমাবেশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বোচাগঞ্জ উপজেলার মহেশাইল বাজারের এস এম এডুকেয়ার একাডেমি মাঠে এ সভার আয়োজন করা হয়। ১ নম্বর নাফানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড, ২ নম্বর ইশানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এবং বর্ষা গ্রামের 'মাদক ও জুয়া প্রতিরোধ কমিটি' যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজিদ তানভী শোভন। এতে সভাপতিত্ব করেন আ.ন.ম. জাহুরী (মানিক)। প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মাদক ও জুয়া কেবল একজন ব্যক্তিকেই ধ্বংস করে না, বরং পুরো পরিবার ও সমাজব্যবস্থাকে বিপর্যয়ের মুখে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে এই ভয়াবহ ছোবল থেকে বাঁচাতে পরিবার, সমাজ এবং প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে কঠোর প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি ব্যাপক সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর জোর দেন তাঁরা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ থানার এসআই মহুবার রহমান, ১ নম্বর নাফানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেজ, নাফানগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলাম, ২ নম্বর ইশানিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন, আব্দুল বাতেন, শ্যামল, সোহাগ, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আ. কুদ্দুস মেম্বার, নবাব আলী মেম্বার, জালাল মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমাবেশের আয়োজকরা জানান, এলাকায় মাদক ও জুয়ার বিস্তার রোধ এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখতে পর্যায়ক্রমে আরও সচেতনতামূলক কর্মসূচি পালন করা হবে।
দৈনিক বিজয় নিউজ / মোঃ আনোয়ার হোসেন