ভুয়া আইডিতে সাংবাদিকদের অপপ্রচার, আরএমপিকে ২৪ ঘণ্টার সময়সীমা

ভুয়া আইডিতে সাংবাদিকদের অপপ্রচার, আরএমপিকে ২৪ ঘণ্টার সময়সীমা
ছবিঃ মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি ও পেজ খুলে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার, মিথ্যাচার ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে (আরএমপি) ২৪ ঘণ্টার সময়সীমা দিয়েছে রাজশাহী প্রেসক্লাব। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আরএমপি সদর দফতরে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের বিশেষ মতবিনিময় সভায় সাংবাদিকদের নিরাপত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান অপপ্রচার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সাংবাদিক নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি স্বার্থান্বেষী মহল ভুয়া পরিচয়ে ফেসবুক আইডি ও পেজ পরিচালনার মাধ্যমে সাংবাদিকদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

সভায় অপপ্রচারের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগ তুলে কাজলা এলাকার মাসুদ রানা রাব্বানী, বিলসিমলা এলাকার মাসুদ আলী পুলক ও আমবাগান এলাকার মামুনুর রহমান কাচুসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়। সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যের সমর্থনে বিভিন্ন তথ্য-প্রমাণ ও নথিপত্র পুলিশ কমিশনারের কাছে হস্তান্তর করেন। এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করার দাবি জানান তারা। অভিযোগ শুনে আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির (পিপিএম) বিষয়টি গুরুত্বসহকারে তদন্তের আশ্বাস দেন। তিনি জানান, সাইবার অপরাধ দমনে আরএমপির সংশ্লিষ্ট শাখা বিষয়টি খতিয়ে দেখবে। ফেসবুক বা মেটার কাছ থেকে কারিগরি তথ্য সংগ্রহের ক্ষেত্রে প্রক্রিয়াগত ও সময়সংক্রান্ত কিছু সীমাবদ্ধতা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মতবিনিময় সভায় আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম ও ট্রাফিক) মো. ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ খোরশেদ আলম, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি ও মিডিয়া মুখপাত্র) গাজিউর রহমান, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাঈনুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শামিমা নাসরিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রেসক্লাবের নেতৃবৃন্দ নগরীর সিঅ্যান্ডবি মোড়স্থ ‘জুলাই ৩৬’-এর সামনে অবস্থান নিয়ে জরুরি প্রেস ব্রিফিং করেন।

এ সময় রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে প্রেসক্লাব দখলের কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। ভুয়া আইডি দেশের বাইরে থেকেও পরিচালিত হলেও প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টদের শনাক্ত করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, অপপ্রচারের পেছনে কারা অর্থ ও ইন্ধন দিচ্ছে, তা তদন্ত করে বের করতে হবে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আরএমপিকে ২৪ ঘণ্টার সময়সীমা দেওয়া হলো। এ সময়ের মধ্যে দৃশ্যমান ব্যবস্থা না হলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

প্রেসক্লাব সভাপতি ও দৈনিক দিনকালের ব্যুরো প্রধান আব্দুস সবুর বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর প্রচারণা শুধু ব্যক্তিগতভাবে হেয় করার বিষয় নয়; এটি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাধীনভাবে সংবাদ পরিবেশনের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এ সময় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক উপচারের ভারপ্রাপ্ত সম্পাদক নুরে ইসলাম মিলন, নির্বাহী সদস্য ও দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি রাজিব আলী রাতুল এবং সদস্য মাজহারুল ইসলাম চপল বক্তব্য দেন। সাংবাদিক নেতারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয় ব্যবহার করে মানহানি, ভয়ভীতি প্রদর্শন ও অপপ্রচার চালানোর ঘটনায় দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইন ও প্রযোজ্য সাইবার আইনে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন