ঈশ্বরগঞ্জে শিক্ষকের মুক্তির দাবিতে স্মারকলিপি দিতে গিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা, আহত অনেকে!
দৈনিক বিজয় নিউজ ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কুমারুলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালেকুজ্জামান সুজনের মুক্তির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিতে যাওয়ার পথে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) শিক্ষার্থীরা শিক্ষক খালেকুজ্জামান সুজনের মুক্তির দাবিতে স্মারকলিপি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দিকে যাওয়ার সময় একটি পক্ষ তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা,হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর কুমারুলী উচ্চ বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থী শিক্ষক খালেকুজ্জামান সুজনের মুক্তির দাবিতে ক্লাস বর্জন করে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করে, এ সময় প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষককে অবরুদ্ধ করার ঘটনাও ঘটে,শিক্ষার্থীদের দাবি, শিক্ষক সুজনের বিরুদ্ধে দায়ের করা মামলাটি সঠিকভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক এবং তিনি নির্দোষ হলে তাকে মুক্তি দেওয়া হোক। অন্যদিকে, শিক্ষক সুজন অভিযোগটি অস্বীকার করে এটিকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, হামলার ঘটনায় আহত শিক্ষার্থীদের সংখ্যা, হামলার কারণ এবং কারা হামলায় জড়িত—এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি, স্থানীয়রা পরিস্থিতি শান্ত রাখতে দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ রফিকুল