গলাচিপায় মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার দেশীয় তৈরি চোরাই মদ ও ১০ গ্রাম গাঁজাসহ বাবা-ছেলে আটক
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩৫ লিটার দেশীয় তৈরি চোরাই মদ ও ১০ গ্রাম গাঁজাসহ বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ। পানপট্টি ইউনিয়নের গ্রামর্দন (পূর্ব পানপট্টি) এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলেন—পূর্ব পানপট্টি এলাকার মো. জয়নাল মীরের ছেলে মো. আল আমিন মীর (৫০) এবং তার ছেলে মো. রাবিব মীর (৩০)। পুলিশ সূত্রে জানা যায়, গলাচিপা থানার এসআই মো. আবু হাকিমের নেতৃত্বে এসআই মো. রুবেল হাওলাদার, এসআই মো. মিজানুর রহমান, এসআই মো. আবু হাইসহ পুলিশের একটি দল আল আমিন মীরের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় ঘরের বারান্দা থেকে ১০ গ্রাম গাঁজাসহ রাবিব মীরকে আটক করা হয়। পরে রাবিব মীরের দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের পাশে পুকুরপাড়ের দক্ষিণ দিক থেকে ১৩৫ লিটার দেশীয় তৈরি চোরাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় আল আমিন মীরকেও আটক করে পুলিশ। গলাচিপা থানা পুলিশ জানায়, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী