রাজবাড়ীতে প্রতিদ্বন্দি প্রার্থীর পক্ষাবলম্বনের অভিযোগে ইউএনও প্রত্যাহার দাবী
দৈনিক বিজয় নিউজ রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের বিরুদ্ধে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দি প্রার্থীর পক্ষাবলম্বনের অভিযোগ উঠেছে। বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বর্তমান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ প্রধান নির্বাচন কমিশনারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গত ৩০ এপ্রিল দায়েরকৃত অভিযোগে মোঃ আবুল কালাম আজাদ বলেন, তিনি নবাবপুর ইউনিয়ন পরিষদের পরপর ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান ও গত ৩ বারের পরপর নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে দায়িত্বপালন করছেন। উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। তিনি বলেন, বালিয়াকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম দায়িত্বপালনকারী বালিয়াকান্দি উপজেলার খেয়াঘাট, সকল হাট বাজার ব্যবস্থাপনা ও বিক্রির পদ্ধতি ও অর্থ বণ্টন পরিপত্র ২০১১ প্রতিপালন না করে স্বেচ্ছাচারিতার মাধ্যমে নিয়ম বর্হিভূতভাবে বিপুল অংকের অর্থ নিজে লাভবান হওয়ার জন্য পছন্দের ব্যক্তিকে খাস আদায় করতে দিলে এ বিষয়ে আপত্তি উপস্থাপন করেন। ফলে তিনি ক্ষিপ্ত হয়েছেন।
মোঃ আবুল কালাম আজাদ বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগ অভ্যন্তরীন নিয়োগ শাখার গত ২২ ফেব্রুয়ারী বদলীর আদেশ হয়। তা স্বত্বেও বদলী না হয়ে গত ১৬ এপ্রিল উপজেলা পরিষদ সভায় মত প্রকাশ করেন যে, তিনি নির্বাচন পরিচালনা করে যাবেন এবং কিভাবে নির্বাচিত হন তা দেখিয়ে দিবেন। নির্বাহী কর্মকর্তা বিভিন্ন ব্যক্তিবর্গ ও ভোটারদের নিকট বিরোধীতা করছেন এবং প্রতিদ্বন্দী প্রার্থী এহসানুল হাকিম সাধনের সাথে প্রকাশ্যে ও গোপনে বৈঠক করছেন। প্রতিদ্বন্দী প্রার্থী সাধারণ ভোটারদের মধ্যে প্রকাশ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তার পক্ষে আছে, যে কোন ভাবে তিনি জিতবেন।
তিনি বলেন, ঠিকাদার, ব্যবসায়ী, সাধারণ মানুষের মধ্যে বিপক্ষে ও প্রতিদ্বন্দী প্রার্থীর পক্ষে প্রচারণা করছেন। বালিয়াকান্দি উপজেলায় অবস্থান করে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বপালন করলে উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ট হবে না। পক্ষপাতিত্ব করে নির্বাচনের ফলাফল পরিবর্তন ও বিভিন্ন অনিয়ম করিতে পারেন বলে তার ধারণা। ফলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন বাধাগ্রস্থ হবে। এ কারণে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামকে বালিয়াকান্দি উপজেলা থেকে প্রত্যাহার প্রত্যাহার করে কোন সৎ ব্যক্তিকে দায়িত্ব প্রদান করে উপজেলায় সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের সুব্যবস্থার দাবী জানান।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ধরণের অভিযোগের বিষয়ে আমি অবগত নয়। তিনি অভিযোগ দিতে পারেন। তবে তা সঠিক নয়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাহিদুর রহিম মোল্লা