ঢাকায় বেসামরিক বিমান পরিবহন সচিবের সাথে ডক্টর হোসনে-আরা বেগমের সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় বেসামরিক  বিমান পরিবহন সচিবের সাথে ডক্টর হোসনে-আরা বেগমের সৌজন্য সাক্ষাৎ
ছবি: এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। ঢাকায় সচিবালয়ে তার কার্যালয়ে বুধবার এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎ পরবর্তী বগুড়ার বিভিন্ন বিষয় সম্পর্কে নানা দিক নির্দেশনা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম বলেন, হাজার বৎসর পূর্বের সভ্যতা ঐতিহাসিক পুণ্ড্রনগর বিভিন্ন ধর্মাম্বলীদের তীর্থস্থান, মহাস্থানগড়, নালন্দা বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক উচ্চমানের নৈতিক, আদর্শিক ও মানবিক শিক্ষাগার, বিভিন্ন বিহারের সমাহার, নিখিল পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ আলীর জন্ম ও সমাধিস্থান, বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান, প্রত্নতত্ত্ব বিষয়ক হেরিটেজ, বিশ্বখ্যাত ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান ও উত্তম রপ্তানিযোগ্য সামগ্রীর উৎপাদন কারখানা, লাইট ইঞ্জিনিয়ারিং এর হাবস, পরিশ্রমী-উদ্যোমী জনবহুল বগুড়ার অবস্থান রাজশাহী ও রংপুর বিভাগের মাঝখানে। তিনি আরও বলেন, এ জেলা উত্তরবঙ্গের কেন্দ্রস্থল, বহুমুখী আধুনিক প্রযুক্তি অবলম্বনে বহুল কৃষি উৎপাদন শিল্পনগর বগুড়ায় স্থাপিত বিমান বন্দর বাণিজ্যিক ভাবে চলমান থাকলে শুধু উত্তরবঙ্গেরই নয় সমগ্র বাংলাদেশের জিডিপি বৃদ্ধি পেতো। যমুনা ব্রীজ চালু হওয়ার পর যে মাত্রায় জিডিপি বৃদ্ধিতে প্রভাব পড়েছিল। পদ্মা বহুমুখী ব্রীজ চালুর পর সে হারে জাতীয় প্রবৃদ্ধিতে সহায়ক প্রভাব পড়ে নাই। বগুড়া তথা উত্তরবঙ্গের মানুষ নিরবে বৈষম্যের কবলে থেকেও কঠোর পরিশ্রম করে দেশের সুযোগভোগী অঞ্চলের সাথে সমতালে উন্নয়ন করে যাচ্ছে। ডক্টর হোসনে-আরা বেগম বলেন, বগুড়ার বিমান বন্দর বিশেষ করে কার্গোবিমান চালু হলে কৃষি সামগ্রী, শিল্প সামগ্রী, বিশেষ করে গার্মেন্টস সামগ্রী উৎপাদন কারখানায় লক্ষ লক্ষ মানুষের বেকারত্ব ঘোচাতো। রাস্তার মালবাহী ট্রাক চাঁদাবাজীর কবলে পরতো না।

কাঁচামাল স্বল্পসময়ে টাটকা অবস্থায় ভোক্তা লেভেলে ও বিদেশের বাজারে বিক্রয় করে বৈদেশিক মুদ্রা অর্জিন হতো এমন নানান বিষয় সম্পর্কে আলোচনায় অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগমের সাথে সহমত প্রকাশ করে মাননীয় সচিব নাসরীন জাহান ও অতিরিক্ত সচিব আব্দুন নাসের খান। বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সচিব নাসরীন জাহান জানালেন, বগুড়ার উন্নয়নে জেলা প্রশাসকের আগ্রহ ও উপযোগিতা বিবেচনা করে বগুড়ার বিমান বন্দরের চার হাজার ফিট রান ওয়ের রিপিয়ারিং এর নিমিত্তে ইতোমধ্যেই দশ কোটি টাকা থোক বরাদ্ধ করা হয়েছে। প্রজেক্ট প্রস্তুতির মাধ্যমে ছয় হাজার মিটার রানওয়ে ও অন্যান্য ব্যয় বাবদ প্রায় দেড় হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে। টিএমএসএস পরিচালিত পাঁচ তারা ফাইভ স্টার হোটেল মম ইন, বিসিএল এ্যাভিয়েশন, হাসপাতাল, পুন্ড্র বিশ্ববিদ্যালয়, টিএমএসএস মেডিকেল কলেজ ও নানান ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন উন্নয়ন কাজ বিমান বন্দর পরিদর্শনের সাথে সিডিউলভুক্ত করা হবে বলে ২৬ ফেব্রুয়ারি সচিবালয়ের অফিস কক্ষে অবহিত করা হয়। এ সময় মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, মিডিয়া কর্মী ও টিএমএসএসের নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান