ঠাকুরগাঁওয়ে মোমবাতি জ্বালিয়ে দিতে হয়েছে এসএসসি পরীক্ষা
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে বৈরী আবহাওয়ার কারণে মোমবাতির আলো জ্বালিয়ে পরীক্ষা দিয়েছেন পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় সারাদেশের মতো ঠাকুরগাঁওয়েও একযোগে পরীক্ষা শুরু হলেও, সকাল থেকেই প্রবল বৃষ্টি ও বৈদ্যুতিক সমস্যার কারণে সৃষ্টি হয় চরম দুর্ভোগ। সকাল ৯টার দিকেই শুরু হয় টানা বৃষ্টি, যা চলে ৯টা ৪০ মিনিট পর্যন্ত। এ সময় অনেক পরীক্ষার্থীকে বৃষ্টিতে ভিজে পরীক্ষা কেন্দ্রে পর্যন্ত যেতে দেখা যায়। কেউ ভিজে গিয়ে কেন্দ্রে ঢুকেছে, কেউ আবার বই-খাতা ও অ্যাডমিট কার্ড বাঁচিয়ে কষ্ট করে কেন্দ্র পৌঁছেছে। ঠাকুরগাঁওয়ে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মোট ২২ হাজার ৭২৪ জন শিক্ষার্থী। এরমধ্যে এসএসসি (সাধারণ) শাখায় ১৭ হাজার ৯৭৭ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে ২ হাজার ৮০৮ জন এবং কারিগরি শাখায় ১ হাজার ৯৩৯ জন শিক্ষার্থী। পরিক্ষা শেষ করে অনেক শিক্ষার্থী জানান বিদ্যুৎ না থাকায়, পরীক্ষা হলরুমে পর্যাপ্ত আলো না থাকায় আমরা মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিয়েছি। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ জানান বিদ্যুতের সমস্যা থাকায় অনেক শিক্ষার্থী মোমবাতি আলো জ্বালিয়ে পরীক্ষা দিয়েছে। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কিছু পরীক্ষার হলে এমন চিত্র দেখা গেছে। এবং পঞ্চগড়ে একচিত্র দেখা গেছে।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম