গাঁ আমার মা - ওসি সাইফুল ইসলাম সরকার ভূল্লী থানা ঠাকুরগাঁও

গাঁ আমার মা - ওসি সাইফুল ইসলাম সরকার ভূল্লী থানা ঠাকুরগাঁও
ছবি: মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

গাঁ আমার মা - ওসি সাইফুল ইসলাম সরকার ভূল্লী থানা ঠাকুরগাঁও

কিষান ভায়ের হাসির ঝিলিক
বাবরি দোলা ধানের ক্ষেতে
গাছের ছায়ায় পরম মায়ায়
বিছায়' আছে আঁচল পেতে
আদরিণী, স্নেহময়ী মা
এই আমাদের গাঁ
ও ভাই, এই আমাদের গাঁ।

গাজীর গানের জমতো আসর
বাঁশ বাগানের ছাতার তলে
জোনাক-বাতির আলোয় আলোয়
ভিড় জমাতাম দলে দলে।
বানের জলে লাফালাফি
বন-বাদাড়ে চড়ুইভাতি
কোথায় তারা, বাঁধনহারা
শিশু কালের খেলার সাথি?

দাদীর মুখে গল্প শোনা
কল্পলোকের স্বপ্ন বোনা
রাজা-রানির কেচ্ছা আর
ঠাকুর মায়ের ঝুলি
কেমন করে ভুলি এসব
কেমন করে ভুলি?

উদোম গায়ে নগ্ন পায়ে
মাঠে-ঘাটে ছুটোছুটি
ঝড়-বাদলে সবাই মিলে
বিষ্টি-কাদায় লুটোপুটি।
মৎস শিকার নদীর বাঁকে
কিশোর বেলা আজও ডাকে
দুলেছি যেমন বটের শাখে
সেসব দিনের স্মৃতির ঘোরে
তেমনি আজও দুলি
কেমন করে ভুলি এসব
কেমন করে ভুলি?

গাঁয়ের যারা মাথা ছিল
সব বিপদে ছাতা ছিল
আজকে তারা গত,
মনে তাদের স্মৃতি ভাসে
আজও ছবির মতো।
পথের মাঝে গন্ধ বিলায়
তাদের চরণধূলি
কেমন করে ভুলি তাদের
কেমন করে ভুলি।

এই গাঁয়েরই আলো, বাতাস
ফুল, ফসল আর জল
রক্ত হয়ে সারা দেহে
বইছে অবিরল।
গাঁ যে আমার মায়ের মতন
গাঁ যে জিয়নকাঠি
এই গাঁয়েরই মাটির ভিতর
আমার হবে মাটি
খোদার কাছে এই ফরিয়াদ
করি দুহাত তুলি
কেমন করে ভুলি মাকে
কেমন করে ভুলি?

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম