পাঙ্গা নিও না, সমস্যা আছে" সাংবাদিককে হুমকি বিএনপি নেতার

পাঙ্গা নিও না, সমস্যা আছে
ছবিঃ মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার ২১ নম্বর ঢোলারহাট ইউনিয়নের শুক নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের চিত্র ভিডিও করতে গিয়ে হুমকির মুখে পড়েছেন এক সাংবাদিক। অভিযুক্ত ব্যক্তি বিএনপির সাবেক এক নেতা আনছার আলী। তিনি প্রকাশ্যে সাংবাদিককে হুমকি দিয়ে বলেন, “আমার ইউনিয়নে পাঙ্গা নিও না, সমস্যা আছে।” ঘটনাটি ঘটে ২৭ জুলাই (রবিবার) বিকেলে। দৈনিক ঘোষণা পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি মোস্তাফিজুর রহমান আকাশ ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনের দৃশ্য ভিডিও করতে গেলে এবং অভিযুক্ত আনছার আলীর বক্তব্য নিতে চাইলে তিনি ওই হুমকিমূলক বক্তব্য দেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আনছার আলী ঢোলারহাট ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই শুক নদীর বাঁধ এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, যা নদী ভাঙনের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে এবং আশপাশের কৃষি জমি ক্ষতির মুখে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, প্রশাসনের চোখের সামনে এ ধরনের অপকর্ম চললেও কেউ কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তারা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বিষয়টি নিয়ে জানতে চাইলে ঢোলারহাট ইউনিয়ন বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক জুয়েল বলেন, “নদী থেকে বালু উত্তোলন যেমন অপরাধ, তেমনি সাংবাদিককে হুমকি দেওয়াও একটি গুরুতর অপরাধ। আমি বিষয়টি আমাদের দলের কাছে তুলে ধরবো। অভিযোগ প্রমাণিত হলে সংগঠনগত ব্যবস্থা নেওয়া হবে।” এ বিষয়ে ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গোলাম যাকারিয়া জানান, “আমি আগামীকাল একটি টিম পাঠানোর নির্দেশ দেবো। অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” রুহিয়া থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ বলেন, “এমন ঘটনায় শুধু একজন সাংবাদিক নয়, বরং সমগ্র গণমাধ্যমের স্বাধীনতাই হুমকির মুখে পড়েছে। প্রশাসন ও রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ এ পরিস্থিতিতে অত্যন্ত জরুরি।”

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম