বুড়িচংয়ে গ্রামে গ্রামে তালের পিঠা তৈরিতে ব্যস্ত গৃহিণীরা

বুড়িচংয়ে  গ্রামে গ্রামে তালের পিঠা তৈরিতে ব্যস্ত গৃহিণীরা
ছবি: মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ

ভাদ্র মাস এলেই তালের কদর বেড়ে যায়। কুমিল্লার বুড়িচং উপজেলা বিভিন্ন হাটবাজারে এখন পাকা তালের সমারোহ দেখা গেলেও দাম তুলনামূলক বেশি। ধনী-গরিব সবার রান্নাঘরেই পিঠা তৈরির জন্য তাল কেনা হচ্ছে। শহরের তুলনায় গ্রামাঞ্চলে পিঠা তৈরির ধুম বেশি দেখা যায়। গৃহিণীরা তালের রস দিয়ে পিঠা তৈরি করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে দাম বেড়ে যাওয়ায় ভোজনরসিকদের কপালে ভাঁজ পড়েছে। বড় আকারের একটি তাল বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়, মাঝারি ও ছোট সাইজের তাল ৪০ থেকে ৬০ টাকায়। সদর বাজারের তাল বিক্রেতা আলী হোসেন বলেন, “এবার তালের সরবরাহ কম। আগেই কচি তাল শেষ হয়ে যাওয়ায় এখন পাকা তালের সংকট তৈরি হয়েছে। তাই দামও বেড়েছে।” কৃষি বিভাগের তথ্যমতে, তাল গাছ রোপণ, পরিচর্যা ও সংরক্ষণের জন্য নিয়মিত কর্মসূচি পালন করা হয়। কংশনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ভাই ভাই সেনেটারী সত্ত্বাধিকারী জহিরুল কাইয়ুম বলেন, “তাল অত্যন্ত পুষ্টিকর একটি ফল। কচি ও পাকা দুই অবস্থাতেই খাওয়া যায়। গরম মৌসুমে এটি শরীরের জন্য উপকারী। তাই তাল গাছ রোপণ ও সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।”

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ