বুড়িচংয়ে টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে শিক্ষক প্রশিক্ষণ

বুড়িচংয়ে টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে শিক্ষক প্রশিক্ষণ
ছবিঃ মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার বুড়িচংয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫ উপলক্ষে শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে ধাপে ধাপে প্রশিক্ষণ চলছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসার শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূঁইয়া। তিনি জানান, আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু হবে। বুড়িচং উপজেলায় প্রায় ১ লাখ ৬ হাজার শিশুকে (৯ মাস থেকে ১৫ বছর বয়সী) এক ডোজ করে টাইফয়েড টিকা দেওয়া হবে। ডা. মালেকুল আফতাব ভূঁইয়া আরও বলেন, “টিকা দেওয়ার দিন শিশুদের ভালোভাবে খাইয়ে আনতে হবে। না খেয়ে এলে টিকা নেওয়ার পর অসুস্থ বোধ করতে পারে। অন্যান্য টিকার মতো হাত ব্যথা, লালচে ভাব, হালকা জ্বর বা মাথাব্যথা হতে পারে। তবে এর বাইরে তেমন কোনো সমস্যা হবে না। তারপরও আমরা শিশুদের কিছু সময় পর্যবেক্ষণে রাখব।” এসময় শিক্ষক-শিক্ষিকা, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ