বগুড়ায় টিএমএসএস'র উদ্যোগে অবহিত করণ সভা অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
বগুড়ায় টিএমএসএস'র মানবাধিকার ও জেন্ডার উন্নয়ন বিভাগের উদ্যোগে বুধবার ১৭ সেপ্টেম্বর পীরগাছা টিএমএসএস'র শাখা কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় গ্রুপ সভানেত্রী ও সদস্যরা অংশ গ্রহণ করেন। সভায় বাল্যবিবাহ, যৌন হয়রানি এবং মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তি এই তিনটি সামাজিক সমস্যার প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও প্রতিরোধ মূলক কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। অংশ গ্রহণকারীরা এসব সামাজিক ব্যাধির বিরুদ্ধে সচেতন ভাবে কাজ করার এবং নিজ নিজ পরিবার ও সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন। টিএমএসএস এর সাধারণ পরিষদ সদস্য মোছাঃ মিনতি আক্তার বানু সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। অন্যদের মধ্যে উপস্থত ছিলেন টিএমএসএসের জিজি এন্ড আই টি পরিচালক মোঃ মাহাবুবর রহমান, মানবাধিকার কর্মী শাহানাজ আফরোজ খানম ও ওসি তদন্ত প্রমুখ। মোছাঃ মিনতি আক্তার বানু বলেন, বাল্যবিবাহ আমাদের দেশে একটি শোষণ মূলক সামাজিক প্রথা, যা কেবল মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নের অন্তরায় নয়, বরং গোটা জাতির অগ্রগতির পথে বাধা।যৌন হয়রানি ও মোবাইল আসক্তি তরুণ প্রজন্মকে বিপথগামী করছে। একমাত্র সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগই পারে এই সমস্যাগুলোর সমাধান আনতে। সভায় আরও বক্তব্য দেন টিএমএসএস পীরগাছা শাখা ব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান এবং স্থানীয় কমিউনিটি নেত্রী হাজেরা খাতুন। বক্তারা সমাজে নারীর নিরাপত্তা, আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতা কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা মৌখিক ভাবে প্রতিশ্রুতি দেন, তারা নিজের পরিবার, প্রতিবেশী এবং কমিউনিটিতে বাল্যবিবাহ বন্ধ, যৌন হয়রানি প্রতিরোধ এবং মোবাইল আসক্তির বিরূপ প্রভাব সম্পর্কে সবাইকে সচেতন করবেন। টিএমএসএস-এর এই উদ্যোগ স্থানীয় ভাবে প্রশংসিত হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতা মূলক কার্যক্রম নিয়মিত ভাবে আয়োজন করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। অনুষ্ঠানে এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, নানা শ্রেণি পেশার মানুষ, এনজিও কর্মী, টিএমএসএসের কর্মকর্তা, কর্মচারী, ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান