বন্ধ মিটারে বিদ্যুৎ বিল ১ লাখ ৬৭ হাজার!
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ
সাড়ে চার বছর ধরে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকলেও কুমিল্লা শহরের ছোটরা কলোনির তানজীদা আক্তারের মিটারে এক মাসের বিল এসেছ এক লাখ ৬৭ হাজার টাকা। ভূতুড়ে এ বিল নিয়ে জেলাজুড়ে সমালোচনা চলছে। তানজীদা আক্তার জানান, সাড়ে ৪ বছর আগে তাদের দুই কক্ষের বাসাটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়লে তিনি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের জন্য লিখিত আবেদন করেন। এরপর বিদ্যুৎ বিভাগ তার সংযোগটি বিচ্ছিন্ন করলেও মিটারটি রেখে যান। মিটার বাবদ প্রতিমাসে এখনও কিছু টাকার বিল আসে। বিদ্যুৎ কর্মকর্তারা জানান, সংযোগ বিচ্ছিন্ন হলেও মিটারের একটি বিল হয়। তানজীদা আক্তার বলেন, সাড়ে ৪ বছর পর বাড়িটি পুনঃনির্মাণ হলে গত আগস্টে বিদ্যুৎ অফিসে গিয়ে সংযোগ দেওয়ার অনুরোধ জানালে তাদের পরামর্শে প্রিপেইড মিটার লাগোনো হয়। কিন্তু আগস্ট মাসে পুরাতন মিটারের বিল আসে ১ হাজার ৪০০ টাকা। ১৪ সেপ্টেম্বর আবার বিল আসে এক লাখ ৬৭ হাজার ৬৮৪ টাকা। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুমিল্লা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, অন্য একজন গ্রাহকের বিল ভুলবশত ওই গ্রাহকের নামে চলে যায়। এটি দুঃখজনক। আমরা দ্রুত সময়ের মধ্যে বিষয়টি সমাধান করবো।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ